ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট বিরোধীরা

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট বিরোধীরা

ইসরায়েলে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছেন বিরোধীরা। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ।

নাফতালি বেনেট ডানপন্থি নেতা। অপরদিকে ইয়ার লাপিদ মধ্যপন্থি। তারা ঘোষণা দিয়েছেন যে, নির্বাচনের আগে নিজেদের দল দুটিকে একীভূত করে ‘টুগেদার’ নামে নতুন একটি দল গঠন করতে যাচ্ছেন তারা। বেনেটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, ‘আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমরা এখানে একত্র হয়েছি। ইসরায়েল রাষ্ট্রকে এখন তার চলার পথ পরিবর্তন করতে হবে।’ ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু ২০২২ সালের নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় বসেন। এরপর দেশটির ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার গঠন করেন তিনি।

নেতানিয়াহু ক্ষমতায় ফেরার পর ফিলিস্তিনের গাজায় ভয়াবহ যুদ্ধ চালিয়েছেন তিনি। এই যুদ্ধে সাড়ে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এবং দুই দফায় ইরান যুদ্ধেও ইসরায়েলকে জড়িয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের বিভিন্ন জনমত জরিপ বলছে, নেতানিয়াহুর তথাকথিত ‘নিরাপত্তা রক্ষার’ ভাবমূর্তি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে আগামী অক্টোবরের শেষে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তাতে তিনি পরাজিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত