
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধির এক নির্বাহী আদেশে সই করতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ট্রাম্প সিএনএনকে ‘নির্বোধ’ ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে নিজের যুদ্ধংদেহী মনোভাব বজায় রেখে ট্রাম্প দাবি করেন, তিনি বলেন, ‘প্রতিদিন আমি পড়ি যে তারা (ইরান) সামরিকভাবে কত ভালো করছে। আসলে তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ। অথচ আমি নিউ ইয়র্ক টাইমসে পড়ি এবং নির্বোধ সিএনএন-এ দেখি। এগুলো আমি দেখি কারণ আপনাকে শত্রুর ওপর কিছুটা নজর রাখতে হবে।’