
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান সাইয়্যেদ মাজিদ ইবন আল-রেজা যুদ্ধের সময় ইসলামাবাদের সমর্থন এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানানোর জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার এবং মুসলিম বিশ্বের একটি আঞ্চলিক নিরাপত্তা বলয় গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ইরনার বরাতে জানা যায়, গত রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি পাকিস্তান সরকার ও সশস্ত্র বাহিনীর গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন। ইবন আল-রেজা বলেন, কঠিন সময়ে বন্ধুদের সমর্থন ও সহযোগিতা ইরান কখনো ভুলবে না। তিনি বিশেষ করে ইরানের বিরুদ্ধে হামলার নিন্দা জানাতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। সাম্প্রতিক সমঝোতা সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনী কোনো প্রতিশ্রুতি ভঙ্গকারী পক্ষের ওপর আস্থা রাখে না উল্লেখ করে তিনি সতর্ক করেন, সমঝোতার শর্ত লঙ্ঘিত হলে তার জবাব হবে কঠোর ও অনুতাপজনক।