
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দীর্ঘ ৯ মাস পর সাক্ষাৎ করছেন তার স্ত্রী ও এক বোন। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনার পর গত মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কারাগার সূত্রে জানা গেছে, ইমরান খানের বোন নওরীন নিয়াজি কারাগারের কনফারেন্স রুমে তার সাথে দেখা করেন। আদালতের কঠোর নির্দেশনার কারণে এই বৈঠকটি মাত্র ১৫ মিনিট স্থায়ী ছিল। বৈঠকে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয় এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তাকে উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের আদেশের বিষয়টি অবহিত করা হয়। বোনের সাথে বৈঠকের পর ইমরান খান পৃথকভাবে তার স্ত্রী বুশরা বিবির সাথে দেখা করার সুযোগ পান। একই কারাগারে বন্দি বুশরা বিবির সাথে তার এই একান্ত বৈঠকটি প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়। বুশরা বিবিও দীর্ঘ দিন পর তার আগের সংসারের দুই সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ভাবি মেহরুন্নিসার সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান। এদিকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পারিবারিক সাক্ষাৎকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারণার মাঠে ব্যবহার করা যাবে না।