ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড মেলোনির

ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড মেলোনির

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে একটানা সবচেয়ে বেশি সময় ধরে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গতকাল এই রেকর্ড করার পর এক ভাষণে মেলোনি বলেছেন, তার নেতৃত্বাধীন সরকারের এই অভূতপূর্ব স্থিতিশীলতা ইতালিকে আরও শক্তিশালী করেছে। ইতালির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি (এফডিআই) প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি ২০২২ সালের অক্টোবরের নির্বাচনে জিতে ইতালির প্রধানমন্ত্রী হন। তারপর থেকে এখনও এ পদেই আছেন তিনি। ইতালির প্রধানমন্ত্রী হিসেবে গত শুক্রবার ১ হাজার ৪১৪ দিন পূরণ করলেন তিনি।

এর আগে একটানা সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড ছিল ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির। ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বারলুসকোনি। মেলোনি অবশ্য আরও একটি রেকর্ডের অধিকারী। ইতালির ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধানমন্ত্রী। টানা সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকার রেকর্ড উপলক্ষে গতকাল ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারিতে সমাবেশের আয়োজন করেছিল ব্রাদার্স অব ইতালি। সেখানে দেওয়া বক্তব্যে গত প্রায় ৬ বছরের মেয়াদে তার নেতৃত্বাধীন সরকার কী কী লক্ষ্য অর্জন করেছে, তার তালিকা দিয়েছেন তিনি। বক্তৃতায় তিনি বলেছেন, 'বর্তমান সরকার এদেশে যেসব সংস্কার এনেছে, সেসবের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো স্থিতিশীলতা। এই স্থিতিশীলতার কারণেই ইতালি এখন আর ইউরোপের নজরদারির অধীনে থাকা কোনো দেশ নয়।' প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ১৯৪৬ সালে। তারপর গত ৮০ বছরে মোট ৬৮টি সরকার দেখেছেন ইতালীয়রা। তবে সংঘাত এবং অর্থনৈতিক অভিঘাতের সাম্প্রতিক উত্তাল বৈশ্বিক সময়ে, প্রতিবেশী অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের তুলনায় অনেক স্থিতিশীল অবস্থায় আছে ইতালি। ইউরোপের দুই বৃহৎ পরাশক্তি ফ্রান্স ও যুক্তরাজ্যের দিকে তাকালে তা বোঝা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত