
নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠের ১৪৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ২৯.০২২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩.৯৭৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল তুলনামূলকভাবে গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে এর প্রভাব সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান। গত মাসে ভোতে কোশি নদীর ভয়াবহ বন্যার পর এ অভিযান ১৪তম দিনে গড়িয়েছে। নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত ৮টা পর্যন্ত দুর্যোগে ১ হাজার ৩৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৪ হাজার ৭৭৭ জন। উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষের মধ্যে ৫৩৩ জন পুরুষ, ৩৩৯ জন নারী এবং ৫০২টির দেহের আংশিক অবশিষ্ট রয়েছে। এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহের মধ্যে ১০২টি শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় নিশ্চিত না হওয়া মরদেহ সংরক্ষণের জন্য ফরেনসিক প্রক্রিয়া সম্পন্ন করে ১ হাজার ১৪৭টি মরদেহ মাটিতে সমাহিত করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপালের নাগরিক ৩ হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে ২ হাজার ৯০৭ জন পুরুষ ও ৫৬২ জন নারী। এ ছাড়া ৩৫টি দেশের প্রায় ৬০০ বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৬৯ জন পুরুষ এবং ৩২৯ জন নারী। নেপাল পুলিশের নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে এখন পর্যন্ত ৯ হাজার ২৫৪ জনকে উদ্ধার অথবা আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ হাজার ৩৮০ জন পুরুষ, ২ হাজার ৮২৪ জন নারী এবং পরিচয় শনাক্ত করা যায়নি এমন ৫০ জন রয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত ৩ হাজার ৩০ জনকে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে এখন পর্যন্ত ২ হাজার ৬৯৮টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মৃতদের ১ হাজার ২৮৬টি এবং নিখোঁজ স্বজনদের পরিবারের সদস্যদের ১ হাজার ৪১২টি নমুনা রয়েছে। পরিচয় শনাক্ত করা যায়নি এমন ১ হাজার ৩১০ জনের প্রোফাইল ও ছবি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে স্বজনরা তাদের শনাক্ত করতে পারেন। উদ্ধার তৎপরতায় নেপাল পুলিশের ৭ হাজার ৯৭৫ জন সদস্য মাঠপর্যায়ে কাজ করছেন।