
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়াকে বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের নেৃত্বাধীন প্রশাসনের দু'জন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি নানা প্রতিকূলতার মুখে পড়েছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জাচারিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন এই পদ থেকে বিদায় নিচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তার আইনি যোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। এছাড়া সংবাদ ব্রিফিং ও বিভিন্ন সাক্ষাৎকারে তার পারফরম্যান্স নিয়েও সমালোচনার সৃষ্টি হয়। আগামী নভেম্বরে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের মাত্র ২ সপ্তাহ আগে এ বিদায়ের ফলে ট্রাম্প একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রকে হারালেন। অথচ এই সময়ে প্রেসিডেন্ট তার প্রশাসনের অর্জনগুলো তুলে ধরতে এবং কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে কাজ করছেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, দায়িত্ব গ্রহণের পর পরই সংবাদমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়ার পর কেটি জাচারিয়াকে তার চাকরি নিয়ে পুনর্বিবেচনা করতে বলেছিলেন তিনি।
গত সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন কেটি জাচারিয়া। পরের দিন মঙ্গলবার প্রথম সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। তিনি জানান, গত ৭ অক্টোবর তিনি প্রেস সেক্রেটারি পদের জন্য একটি ফোন পান এবং এক সপ্তাহ আগে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব পান। দায়িত্ব নেওয়ার পরপরই কর্মজীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন জাচারিয়া, তিনি দাবি করেছিলেন যে, অতীতে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন।