ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হরমুজ প্রণালিতে চার তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে চার তেলবাহী ট্যাংকারে আগুন

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।

গত শুক্রবার বাহিনীটি দাবি করে, জাহাজগুলো অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করছিল। এর মধ্যে একটি ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হেনে বিস্ফোরিত হয়। আইআরজিসির নৌবাহিনীর সর্বশেষ বিবৃতিতে বলা হয়, চতুর্থ ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটি সমুদ্রের মাইনে আঘাত হানার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায়। এর আগে বাহিনীটি জানিয়েছিল, ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী আরেকটি ট্যাংকারও সমুদ্রের মাইনে আঘাত হেনেছে।

তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর তারা পেয়েছে। সংস্থাটির কাছে দেওয়া একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, জলপথটি দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ইউকেএমটিও জানায়, ইরানের লাভান দ্বীপের প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিলোমিটার) দক্ষিণে একটি জাহাজের বাম পাশে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে নাবিকেরা নিরাপদে রয়েছেন এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলে জানায় সংস্থাটি। ইউকেএমটিওর উল্লেখ করা জাহাজটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি করা চারটি ট্যাংকারের একটি কি না, তা স্পষ্ট নয়। লাভান দ্বীপ ইরানের দক্ষিণ উপকূলের কাছে পারস্য উপসাগরে অবস্থিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত