ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই : লাপিদ

নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই : লাপিদ

সদ্য সমাপ্ত নির্বাচনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে আর নতুন সরকার গঠনের সুযোগ নেই বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। সরকার গঠন নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যেই এ মন্তব্য করেছেন তিনি।

গত মঙ্গলবার নির্বাচন হয়েছে ইসরায়েলে। নির্বাচনের পর ভোট গণনায় দেখা গেছে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম 'কান' গত বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে যে, ভোট গণনা সম্পন্ন হয়েছে। ১২০ সদস্যের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৩টি আসন, বিরোধী 'চেঞ্জ' (পরিবর্তন) জোট ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। ইয়াইর লাপিদ আছেন বিরোধী জোটে। প্রধান দুই জোটের কোনোটিই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কাছে তা হস্তান্তরের কথা রয়েছে। নেতানিয়াহুর প্রাপ্ত ৫৩টি আসনের দিকে ইঙ্গিত করে ইয়ার লাপিদ গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'এটুকুই তার সম্বল। তিনি যা-ই চেষ্টা করুন না কেন, তার সামনে সরকার গঠনের কোনো উপায় নেই।' বিদায়ী নেসেটে প্রধানমন্ত্রীর জোটের ৬৮টি আসন ছিল উল্লেখ করে বর্তমান ফলাফলকে নেতানিয়াহুর জন্য একটি বড় বিপর্যয় বলেও এক্সপোস্টে উল্লেখ করেছেন তিনি। লাপিদ ৭৭.৭ শতাংশ ভোটার উপস্থিতির কথাও তুলে ধরেছেন, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। তিনি বিরোধী জোটের এই অর্জনকে 'নকআউট' জয় না বলে 'পয়েন্টের ভিত্তিতে জয়' (অর্থাৎ সামান্য ব্যবধানে এগিয়ে থাকা) হিসেবে অভিহিত করেছেন। অবশ্য বর্তমানে ইসরায়েল যে অচলাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তা-ও স্বীকার করেছেন লাপিদ। শুক্রবারের পোস্টে তিনি বলেছেন, 'এখন সবচেয়ে কঠিন কাজটি সামনে— সরকার গঠনের চেষ্টা করা।' নির্বাচনি প্রচারণার সঙ্গে জোট গঠনের আলোচনার পার্থক্য তুলে ধরে তিনি আরও বলেন, সরকার গঠন প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন। এটি ক্যামেরার আড়ালে, ছোট কোনো কক্ষে, ধীরগতিতে সম্পন্ন হয়। লাপিদ তার সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এটি কঠিন হবে। আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার কট্টর ডানপন্থি দল জিউইশ পাওয়ারের নেতা ইতামার বেন-গভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত