ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ফিলিপাইনের মুসলিম অঞ্চলের প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন মাকাকুয়া

ফিলিপাইনের মুসলিম অঞ্চলের প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন মাকাকুয়া

দীর্ঘ কয়েক দশকের সশস্ত্র সংঘাত, রাজনৈতিক অস্থিরতা ও স্বায়ত্তশাসনের আন্দোলনের পর ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরোর (বার্ম) প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়েছেন সাবেক বিদ্রোহী নেতা আবদুলরাওফ মাকাকুয়া।

গত শুক্রবার কোটাবাটো সিটির পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ পদে নির্বাচিত হন। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে চলা অন্তর্বর্তীকালীন প্রশাসনের অবসান ঘটল। ৮০ সদস্যের বাংসামোরো পার্লামেন্টে মুখ্যমন্ত্রী নির্বাচনে মাকাকুয়া পেয়েছেন ৫১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ও সাবেক সহযোদ্ধা মুরাদ ইব্রাহিম পেয়েছেন ২৭ ভোট। একজন সদস্য ভোটদানে বিরত ছিলেন এবং একজন সদস্য অসুস্থতার কারণে অধিবেশনে অনুপস্থিত ছিলেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় অঞ্চলটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা প্রথমবারের মতো নিজেদের সরকারপ্রধান বেছে নেওয়ার সুযোগ পান। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৪ শতাংশের বেশি। নির্বাচনে মাকাকুয়ার নেতৃত্বাধীন বাংসামোরো ফেডারেলিস্ট পার্টি ১৬টি দলীয় আসন পায়। অন্যদিকে মুরাদ ইব্রাহিমের নেতৃত্বাধীন ইউনাইটেড বাংসামোরো জাস্টিস পার্টি পায় ১৫টি আসন। ৬৯ বছর বয়সি আবদুলরাওফ মাকাকুয়া 'স্যামি গামবার' নামেও পরিচিত। কৈশোরে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি। মাকাকুয়া একসময় ফিলিপাইনের বিদ্রোহী সংগঠন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। গেরিলা সংগঠনটির সশস্ত্র শাখা বাংসামোরো ইসলামিক আর্মড ফোর্সেসের প্রধান স্টাফ হিসেবেও দায়িত্বও পালন করেছেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত