ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রথমবারের মতো লেজার অস্ত্র দিয়ে রুশ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

প্রথমবারের মতো লেজার অস্ত্র দিয়ে রুশ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

প্রথমবারের মতো লেজার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার জেটচালিত একটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। দেশটির রাষ্ট্রীয় সহায়তাপুষ্ট প্রতিরক্ষা গোষ্ঠী ব্রেভ১ শুক্রবার এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্করেস্তনভ একটি ভিডিও প্রকাশ করেন। এতে আকাশ থেকে আগুনের গোলা হয়ে একটি লক্ষ্যবস্তুকে নিচে আছড়ে পড়তে দেখা যায়। তিনি জানান, প্রথমবারের মতো লেজার ব্যবস্থার সাহায্যে রাশিয়ার 'গেরান' জেটচালিত ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ব্রেভ১ জানায়, সম্প্রতি অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শত্রুপক্ষের একটি জেটচালিত ড্রোন ধ্বংস করতে ইউক্রেনের একটি লেজার ব্যবস্থা যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তারা আরও জানায়, ব্রেভ১-এর অনুদানপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান অস্ত্রটি তৈরি করেছে। এটি পরিচালনা করেছে বেসরকারি একটি আকাশ প্রতিরক্ষা দল। তবে ব্রেভ১ সতর্ক করে বলেছে, 'প্রথমবারের মতো সফলভাবে ড্রোন ভূপাতিত করতে পারার অর্থ এই নয় যে, প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত।' সংস্থাটি বলেছে, 'লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।' ইউক্রেনে বর্তমানে অন্তত সাতটি দল লেজার অস্ত্র তৈরির কাজ করছে বলেও জানায় তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত