ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গ্রন্থলোক

অতীতের আয়নায় মুসলমানদের বর্তমান

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
অতীতের আয়নায় মুসলমানদের বর্তমান

বই : মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস

মূল : মাওলানা ইসমাইল রেহান

অনুবাদ : মহিউদ্দিন কাসেমী

প্রকাশক : মাকতাবাতুল খিদমাহ

খণ্ড : ৪

পৃষ্ঠা : ২,৪০০

মূল্য : ১,৫০০

সংযোগ : ০১৭৪৪-৪৫০৪২১

পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ ও উন্নত ইতিহাসের নাম মুসলিম জাতির ইতিহাস। এ ইতিহাস নিয়ে ইসলামের সূচনা যুগ থেকে বর্তমান পর্যন্ত শত সহস্র বই লেখা হয়েছে। হাজার হাজার ভলিয়মে সেগুলো সংকলিত হয়ে বিশ্বের বিভিন্ন গ্রন্থাগারে সংরক্ষিত আছে। ?এরই ধারাবাহিকতায় ইতিহাসের কিংবদন্তি পাকিস্তানের গবেষক আলেম মাওলানা ইসমাইল রেহান দীর্ঘ ১২ বছরের নিরবচ্ছিন্ন সাধনা ও অনুসন্ধানের মধ্য দিয়ে রচনা করেছেন সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত বিখ্যাতগ্রন্থ ‘তারিখে উম্মাতে মুসলিমা’। গ্রন্থটি কলেবরে দীর্ঘ হওয়ায় সর্বশ্রেণির পাঠকের জন্য এর থেকে উপকৃত হওয়া অনেকটাই দুষ্কর। বিজ্ঞ লেখক এসব দিক লক্ষ্য করে যুগের চাহিদা সামনে রেখে বিজ্ঞজনদের পরামর্শে বিশাল কলেবরের গ্রন্থটির সংক্ষিপ্ত ভার্সন তৈরি করেন। যার নাম দেন ‘আয়নায়ে তারিখে উম্মত’।

?গ্রন্থটিতে তিনি মুসলিম জাতির হাজার বছরের ইতিহাসকে সংক্ষিপ্তাকারে সুবিন্যস্তরূপে তুলে ধরেছেন। বইটিতে উঠে এসেছে উম্মাহর সোনালি যুগের আলোছায়াময় উপাখ্যান, বিজয় ও পরাজয়ের সত্যনিষ্ঠ অনুপম কাহিনি, ত্যাগ, আত্মনিবেদন ও শিক্ষার দীপ্ত অধ্যায়গুলো। এ সংক্ষিপ্ত ভার্সনে তিনি ইসলামি সভ্যতার আদিপর্ব থেকে আধুনিক সময় পর্যন্ত ইতিহাসের নির্ভুল, বিশুদ্ধ ও প্রমাণনির্ভর ধারাবর্ণনা তুলে ধরেছেন। গ্রন্থটির গুরুত্ব বোঝাতে এক কথায় বলা যায়, লেখক ইতিহাসের সমুদ্রকে কূপে পরিণত করে উপস্থাপন করেছেন।

এ অনন্য গ্রন্থেরই পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস’। গ্রন্থটি পাঠককে ইসলামের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোর মধ্য দিয়ে নিয়ে যাবে এক আত্মদর্শনের অভিযাত্রায়। নবী-রাসুলদের যুগ থেকে শুরু করে খেলাফতের বিস্তার, উম্মাহর উত্থান-পতন, সভ্যতাণ্ডসংস্কৃতি ও রাজনীতির বিবর্তন, জ্ঞান-বিজ্ঞানের জাগরণ- এ সবকিছুই গ্রন্থটিতে উল্লিখিত হয়েছে প্রাণবন্ত বর্ণনায়। বইটি গবেষণাধর্মী, সহজবোধ্য ও সাবলীল ভাষায় উপস্থাপন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠক নির্বিশেষে সবার জন্য সমভাবে উপযোগী। গ্রন্থটিতে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বিশুদ্ধ বর্ণনার আলোকে নবীগণের জীবনচিত্র, সিরাতুন নবী, খেলাফতে রাশেদা, উমাইয়া ও আব্বাসি খেলাফত, ক্রুসেড যুদ্ধ, স্পেনে মুসলিম শাসন, উসমানি খেলাফত, দক্ষিণ এশিয়া ও ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে।

বইটিতে ইতিহাসের ক্রমধারা বজায় রেখে সন ও তারিখ নিখুঁতভাবে উল্লেখ করে গুরুত্বপূর্ণ ঘটনাবলির প্রেক্ষাপট ও পটভূমি বর্ণনা করার পাশাপাশি ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ভারসাম্যপূর্ণ আলোচনা ও নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ইসলামি ইতিহাসে বিভিন্ন মতবাদের ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি, দল-মত ও এদের ভ্রান্ত বিশ্বাস ও আদর্শিক অবস্থান সম্পর্কে অত্যন্ত নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। তথ্যবহুল মনোমুগ্ধকর রঙিন মানচিত্র ও ছক যুক্ত করা হয়েছে। ইতিহাসের প্রাচীন অঞ্চলগুলোর আধুনিক নাম উল্লেখ করার পাশাপাশি সঠিক নাম যাচাইয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে অতীতের ইতিহাসকে বর্তমানের আয়নায় তুলে ধরে নতুন প্রজন্মের জন্য ভবিষ্যতের পথ ও পাথেয় নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞ লেখক ইতিহাসের ঘটনাগুলো নিছক বর্ণনা না করে এগুলো থেকে শিক্ষণীয় উপাদান ও সঠিক দিকনির্দেশনা তুলে ধরে জাতিকে সতর্ক করেছেন। ৪ খণ্ডে বিন্যস্ত ২,৪০০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে রুচিশীল ও অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল খিদমাহ। নন্দিত অনুবাদক মহিউদ্দীন কাসেমী অনূদিত বইটি পাওয়া যাচ্ছে ঢাকার বাংলাবাজারসহ দেশের সব অভিজাত লাইব্রেরিতে। রকমারিসহ অনলাইন বুকশপে পাওয়া যাবে অনলাইনে অর্ডার করলে। এ ছাড়া ঘরে বসে পেতে ফোন করুন : ০১৮৯০-৩৮৬৪৮৮ অথবা ০১৬১৭-২২৯০২৩ নম্বরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত