ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সারজিস আলমকে শোকজ

সারজিস আলমকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শনোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত শনিবার দুপুরে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামানের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

নোটিশে বলা হয়েছে, সারজিস আলম গত শুক্রবার পঞ্চগড়ে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় নিজ দলের প্রধান ব্যতীত অন্য দলের প্রধানের (জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান) সঙ্গে ছবি ব্যবহার করে ব্যানার, বিলবোর্ড ও তোরণ স্থাপন করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(চ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে তিনি তিনটি তোরণ নির্মাণ করেন, যা আচরণবিধির ১৩(ক) ধারা ভঙ্গ। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগও আনা হয়েছে, যা আচরণবিধির ১৬(ক) ধারার পরিপন্থি।

এ অবস্থায় নির্বাচনি আচরণবিধির সংশ্লিষ্ট ধারা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত