
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে স্বচ্ছতা নিশ্চিত করতে কোনও সদস্যকে তাদের নিজস্ব ইউনিয়নে নির্বাচনি দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা চিঠিতে আনসার-ভিডিপি মহাপরিচালককে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও আনসার বা ভিডিপি সদস্যকে তাদের স্ব-স্ব ইউনিয়নে পদায়ন (ডিউটি দেওয়া) করা যাবে না।