
কয়েকটি আসনে নির্বাচনের ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেছেন, বিশেষ করে যেসব আসনে ১১ দলীয় জোটের নেতারা প্রার্থী হয়েছেন, সেসব জায়গায় ফলাফল নিয়ে অসামঞ্জস্যের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। মধ্যরাতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন। উদাহরণ হিসেবে তিনি ঢাকা-১৩ আসনের কথা উল্লেখ করেন।
পাশাপাশি ঢাকা-১৫ আসনে জামায়াতের আমিরের নির্বাচনের বিষয়টিও তুলে ধরেন। আসিফ মাহমুদের দাবি, একপর্যায়ে ২০ থেকে ২২ হাজার ভোটের ব্যবধান দেখা গেলেও হঠাৎ করেই প্রতিপক্ষ প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করেন। এছাড়া ঢাকা-১৬ ও ঢাকা-১৭ আসনেও ফলাফল নিয়ে অসামঞ্জস্যতার অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগের সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল ঘোষণা না করার আহ্বান জানান আসিফ মাহমুদ।
এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জামায়াতের স্থানীয় নেতাদের দায়ী করেন। বিষয়টি নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে জোটের ফোরামে এ বিষয়ে আলোচনা করা হবে।