ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি

বললেন মির্জা ফখরুল
স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। বিগত পরাজিত ফ্যাসিবাদ সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করেছিল।’ গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে অনিয়ম, অবিচার, অরাজকতা, আতঙ্ক ও ভয় ছিল আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা করা বহুদলীয় গণতন্ত্রকে বারবার বিপন্ন করতে চেষ্টা করেছিল চক্রান্তকারীরা। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেটিও ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করা হয়েছিল। রাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক স্বৈরশাসনের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। লাখো শহিদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতা। আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। যার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের এদিনে গোটা জাতি মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’ তিনি বলেন, ‘এ দেশের জাতীয় জীবনে স্বাধীনতা দিবস সবচাইতে গৌরবময় ও পবিত্রতম দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তস্নাত স্বাধীনতা বিশ্বের স্বাধীনতা অর্জনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। তবে ১৯৭১ সালে যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তা আজও পূরণ হয়নি। পরাজিত ফ্যাসিবাদ সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করেছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত