
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জিতে গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকটে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রশংসাও করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউজে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বরাবরের মতো এদিনও ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানকে তিনি সফল বলে দাবি করেন। খবর বিবিসির।
ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতকে ‘চমৎকার’ এবং কাতারকে ‘মহান’ বলে অভিহিত করেন।
তাকে সাংবাদিকরা এ সময় জিজ্ঞেস করেন ইরানের সঙ্গে শান্তিচুক্তির ব্যাপারে তিনি আশাবাদী কি না। জবাবে ট্রাম্প বলেন, এই যুদ্ধ জয় করা হয়ে গেছে।
এ সময় ট্রাম্পকে তার জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে ইরানের সঙ্গে মধ্যস্থতায় পাঠানোর ব্যপারে জিজ্ঞেস করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে তারা বর্তমানে সেখানেই আছে।
এ সময় তিনি আবারও দাবি করেন, ভবিষ্যতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে ইরানের শাসকেরা এ ব্যাপারে সম্মত হয়েছেন।
আবা/এসআর/২৬