
টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বিটাক-এ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত Accelerating and Strengthening Skill For Economic Transformation (ASSET) প্রকল্পের Institutional Development Grant (IDG) এর আওতায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) হতে আগত চিফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, ওয়ার্কশপ সুপার, জুনিয়র ইন্সট্রাক্টও ও ক্রাফট ইন্সট্রাক্টরগণকে বিভিন্ন ট্রেডে দক্ষতা (স্কিল) উন্নয়নের প্রশিক্ষণ প্রোগ্রাম গত ৩১ মার্চ ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান উদ্বোধন করেন।
বিটাক এর মহাপরিচালক মো. ফিরোজ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিপিডিটি’র মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী। আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা এবং বিটাক এর পরিচালকরা, অতিরিক্ত পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে টিটিআই, বিটাক- এর পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আগামী দিনে বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতে হলে আধুনিক প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট জনশক্তিকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান এবং আমদানি বিকল্প যন্ত্রাংশ তৈরি, মেরামত ও স্থাপনের জন্য বিটাক নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় টিটিআই NSDA অনুমোদিত CNC Machining Centre Operation With CAD-CAM, Level-3 এবং Programmable Logic Controller (PLC), Level-4 এই দুটি ট্রেডে এক মাস ব্যাপী দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
বিশেষ অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী অত্যাধুনিক ল্যাব সমৃদ্ধ টিটিআই, বিটাক-এ পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) এর প্রশিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় বিটাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। কারিগরি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য টিটিআই, বিটাক সক্ষমতার সহিত পরিচালনা করে আসছে। এধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানান।