
আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগসেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ নামে নতুন চারটি শরিয়াহসম্মত সিএমএসএমই বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন চারটি বিনিয়োগ প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান। উদ্বোধনকৃত চারটি প্রোডাক্টের মধ্যে ‘নিসা’ ও ‘তিজারা’ জামানতবিহীন এবং ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ জামানতের বিপরীতে শরিয়াহসম্মত বিনিয়োগ সুবিধা প্রদান করবে। নতুন এ প্রোডাক্টগুলো উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক অর্থায়ন নিশ্চিত করে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারাই জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের প্রয়োজন ও সময়োপযোগী ব্যবসায়িক চাহিদার কথা বিবেচনায় রেখে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে নতুন নতুন শরিয়াহসম্মত আর্থিক সমাধান নিয়ে কাজ করছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি