
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সেবার পরিধি আরও বিস্তৃত করল এনআরবি ব্যাংক পিএলসি। গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থাইল্যান্ডের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফিয়াথাই-২ হাসপাতাল কো. লি.-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং ফিয়াথাই-২ হাসপাতাল ও ফিয়াথাই ফাহোলিওথিন হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর মি. সোরাওং সিরিবুনপান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের ফলে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা থাইল্যান্ডের ফিয়াথাই ২ ইন্টারন্যাশনাল হাসপাতালে ওষুধ ও কক্ষ ভাড়ায় বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি আন্তর্জাতিক রোগী সেবা, চিকিৎসা পরিকল্পনা, বিনামূল্যে মেডিকেল পরামর্শ, বিমানবন্দর ও হাসপাতালের মধ্যে পরিবহন সুবিধা, ব্যক্তিগত এসকর্ট এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে এনআরবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য পরিবারের সদস্যদের জন্য আরও বেশি মূল্যছাড় ও সমন্বিত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসার প্রাথমিক পরামর্শ থেকে শুরু করে চিকিৎসা সমন্বয়, চিকিৎসাকালীন সহায়তা এবং চিকিৎসা-পরবর্তী ফলো-আপ পর্যন্ত আন্তর্জাতিক মানের সমন্বিত সেবা সহজলভ্য হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি