ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফর করা কথা ছিল প্রধানমন্ত্রীর। গতকাল রোববার দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে। ১ অক্টোবর তিনি ফেনী আসবেন।

এর আগে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দ্রুতগতিতে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে তৈরি করা হচ্ছিল পথসভাস্থল। এরইমধ্যে মাটি ফেলে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করা হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচল নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে মেরামত, রং ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছিল তড়িঘড়ি করে। ১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনের কথা ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত