ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগের পর এবার মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। একইদিন রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কয়েক মিনিটের ব্যবধানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়। ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকাটিতে যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটির ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিগ্‌বিদিক ছুটতে শুরু করেন এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ককটেল বিস্ফোরণের বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামে (২৬) এক অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত