
বোমাবাজি-ককটেলবাজির মাধ্যমে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিরোধী দলের কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, 'গালিগালাজ এমনভাবে করে— এটা হলো বিরোধী দলের গণতন্ত্রের সৌন্দর্য। এটা যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়, এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করেনি, ভবিষ্যতেও তাদেরকে গ্রহণ করবে না। আর এদেরকে গণতন্ত্রের সৌন্দর্যও বলা যাবে না। 'এরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজি বন্ধ হবে না।' শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে তাদের কাজ— তাদের গাড়িতে আগুন, তাদের নেতৃত্বে ককটেল মারা, তাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করা এসবের সঙ্গে বর্তমান বিরোধী দলের অপকর্ম, কথাবার্তা ও কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায়।'