
জামালপুরের মাদারগঞ্জে ৭টি আশ্রয়ণ প্রকল্পের পুকুরসহ ১১টি জলাশয়ে ৩০৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন খরকা বিলে পোনামাছ অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার তারতাপাড়া, গাবেরগ্রাম ও চরনাংলা এলাকার ৭টি আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ছাড়ার জন্য আশ্রয়ণবাসীদের মধ্যে পোনামাছ বিতরণ করা হয়। পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। এ সময় জামালপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক প্লাবন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ, বিএনপি মাদারগঞ্জ পৌর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান জানান, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাদারগঞ্জ উপজেলার দুটি জলাশয়, ৭টি আশ্রয়ণ প্রকল্পের খাস পুকুর ও দুটি সরকারি প্রাতিষ্ঠানের পুকুরে মোট ৩০৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। তিনি জানান, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব পোনা অবমুক্ত করা হয়েছে।