
দেশের সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্বখাতে ৬ হাজার ৯২৫টি পদ সৃজনের প্রস্তাব নিয়ে কাল বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্যও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে সচিবের সভাপতিত্বে কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখা থেকে গত সোমববার জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, সভায় ছয়টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রাঙামাটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে ২২১টি পদ সৃজনের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া পাঁচটি মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য ২ হাজার ১২৮টি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য ৭১৩টি এবং দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বিভাগের জন্য ১ হাজার ৩১১টি পদ সৃজনের প্রস্তাব আলোচনায় উঠবে।
এ ছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ইউনিটের জন্য ২ হাজার ৫০০টি সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনের প্রস্তাব রয়েছে।
ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্স, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীর জন্য ইপিআই পোর্টার বা ভ্যাকসিন বাহকের ৫২টি পদ সৃজনের বিষয়টিও সভায় আলোচনা করা হবে।