ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

১৮৪১ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন

এসআরবি
১৮৪১ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন

চলমান শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে সম্ভাব্য হুমকি শনাক্তে কাজ করছে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বাহিনীটি বলছে, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ প্রায় ১ হাজার ৮৪১টি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় তাদের বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ১৫টি পিকআপ পেট্রোল ও ২৮টি মোটরসাইকেল টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, কমান্ডো, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন টিমের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্ভাব্য হুমকি শনাক্তে গোয়েন্দা শাখা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পূজামণ্ডপের আশপাশে টহল ও চেকপোস্ট জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলে নজরদারি রাখা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারি করছে। এ ছাড়া পূজামণ্ডপ-সংলগ্ন এলাকায় কন্ট্রোল রুম স্থাপন এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নৌ টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। দর্শনার্থীদের সহায়তায় পূজামণ্ডপগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের পাশাপাশি জরুরি প্রয়োজনে সেবা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত