
ইউরোপের সর্বোচ্চ শিখর মাউন্ট এলব্রুস অভিযান শেষে বাংলাদেশের জাতীয় পতাকা প্রত্যর্পণ করেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। গত বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির রাশিয়ান হাউজে অতিথিদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেছেন শাকিল। পরে স্লাইড পরিদর্শন করে অভিযানের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা যারা পর্বতারোহন করি, তারা অনেক স্বপ্ন বুনি। কিন্তু সেই স্বপ্নটা তখনই বাস্তবায়ন করতে পারি, যখন কোন প্রতিষ্ঠান আমাদের পৃষ্ঠপোষকতা করেন। প্রতিটা অভিযানে একটা স্পন্সর পেতে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, পাকিস্তানেও পর্বতারোহীদের রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। সত্যি বলতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে, একটা সময় বাংলাদেশে পর্বতারোহন হারিয়ে যাবে। পতাকা প্রত্যার্পন অনুষ্ঠান শেষে মাউন্ট এলব্রুস অভিযানের শাকিলের তোলা ৫০টি ছবি নিয়ে ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। এ আয়োজনের উদ্বোধন করেন রাশিয়ান হাউজের ডিরেক্টর অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।
পাখি বিশেষজ্ঞ ও অ্যান্টার্কটিকা অভিযাত্রী ইনাম আল হক, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ডা. নিয়াজ আব্দুর রহমান, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু, এমকে এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির করীম, চেঞ্জ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা এম. জাকির হোসেন খান, ও জ্যাপের এডিটোরিয়াল কনসালটেন্ট আকিব সাফওয়ান বক্তব্য রাখেন।
গত ২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় এলব্রুসের চূড়ায় পা রাখেন শাকিল।