ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ

সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ

জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকাল রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির তৃতীয় সভা এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা বিষয়ে ডিপিডিসির মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার (ফারহান ফাইয়াজ) খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং এ সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়ে ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাইয়ের লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন এমপি ও মারদিয়া মমতাজ এমপির সমন্বয়ে গঠিত এ সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের একজন প্রতিনিধি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত