ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হজ ও ওমরাহযাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপ ও মেডিকএআইয়ের অংশীদারত্ব

হজ ও ওমরাহযাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপ ও মেডিকএআইয়ের অংশীদারত্ব

সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সহায়তা নিশ্চিত করতে অংশীদারত্ব করেছে ট্রাভেল ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেডিকএআই। এ অংশীদারত্বের আওতায় যাত্রীরা পাবেন 'আমানা বাই মেডিকএআই' নামের বিশেষ ট্রাভেল-হেলথ মেম্বারশিপ সুবিধা। গত বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরায় শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মুশেব মানিয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনসুর আলবালুশি, রিলেশনশিপ ম্যানেজার সালেহ আলবালুশি এবং সহপ্রতিষ্ঠাতা কামরুল হাসান। শেয়ারট্রিপের পক্ষে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, প্রতিষ্ঠাতা কাশেফুর রহমান, চিফ সেলস অফিসার শিবলী সাদিক, হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অংশীদারত্বের মাধ্যমে হজ ও ওমরাহযাত্রীরা সৌদি আরবে অবস্থানকালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সহায়তা পাবেন। 'আমানা বাই মেডিকএআই' মেম্বারশিপের আওতায় লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বাংলায় অনলাইনে (টেলিমেডিসিন) পরামর্শের সুযোগ থাকবে। পাশাপাশি মেম্বারশিপের নির্ধারিত সুবিধা ও শর্ত অনুযায়ী ডায়াগনস্টিক পরীক্ষা, ফার্মেসি-সংক্রান্ত সহায়তা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও থাকবে। এ ছাড়া জরুরি চিকিৎসার প্রয়োজনে মেডিকেল ইভাকুয়েশন বা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর এবং প্রয়োজনে নিজ দেশে ফিরিয়ে আনার (রিপ্যাট্রিয়েশন) ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে। ভ্রমণকালীন বিভিন্ন প্রয়োজনে যাত্রীদের জন্য থাকবে কনসিয়ার্জ ও ট্রাভেল কো-অর্ডিনেশন সেবা। যাত্রীদের সুবিধার্থে বাংলা ও ইংরেজি-উভয় ভাষায় গ্রাহক সহায়তা দেওয়া হবে। হজ ও ওমরাহযাত্রীদের ভ্রমণের সময়সীমা বিবেচনায় 'আমানা বাই মেডিকএআই'র দুটি মেম্বারশিপ পরিকল্পনা রাখা হয়েছে। এর মধ্যে 'প্ল্যান এ-লাইট'র মেয়াদ ১ থেকে ৭ দিন এবং 'প্ল্যান বি-লাইট'র মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন। সেবাটি বর্তমানে শেয়ারট্রিপের মাধ্যমে ওমরাহযাত্রীদের জন্য চালু রয়েছে। শিগগিরই অনলাইন বুকিং সুবিধা চালুর মাধ্যমে সেবাটি যাত্রীদের জন্য আরও সহজলভ্য করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত