ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

কুষ্টিয়ায় বাড়ছে স্থায়ী বাগান ও আম চাষ

কুষ্টিয়ায় বাড়ছে স্থায়ী বাগান ও আম চাষ

বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তার ধারে, পুকুরপাড় কিংবা ছোট বড় বাগান সবখানেই আম গাছের ডালে ডালে মুকুলের ছড়াছড়ি। মধু মাসের আগমনী বার্তা নিয়ে ঋতুরাজ বসন্তের এই বার্তাবাহক যেন জানিয়ে দিচ্ছে, আর কয়েক মাস পরেই পাকা আমে রঙিন হবে চারদিক।

কুষ্টিয়াতে এখন ভোরের বাতাসে ভেসে আসে এক ধরনের আম্র মুকুলের মিষ্টি ঘ্রাণ। জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গাছের প্রতিটি আম গাছের ডাল যেন হলুদণ্ডসবুজ মুকুলে মোড়া। কোথাও কোথাও গাছের পাতা দেখা দায়। বাতাসে মিশে থাকা সেই মুকুলের ঘ্রাণে ম ম করছে চারপাশ। স্থানীয়রা বলছেন, এমন সুবাস মানেই ভালো ফলনের ইঙ্গিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে কুষ্টিয়া জেলাও ‘আমের রাজ্য’ হিসেবে পরিচিতি পাচ্ছে স্থানীয়দের মুখে মুখে। কুষ্টিয়ায় বাড়ছে স্থায়ী বাগান ও আম চাষ। আম গাছে ভর্তি মুকুলে স্বপ্ন দেখছেন কৃষকরা। বিশেষ করে কুমারখালী উপজেলায় দিন দিন বাড়ছে স্থায়ী বাগান ও আম চাষ।

কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে নতুন নতুন বাগান। বড় গাছের তুলনায় ছোট ও মাঝারি গাছে এ বছর তুলনামূলক বেশি মুকুল এসেছে। চাষিরা জানিয়েছেন, হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলিসহ বিভিন্ন জাতের গাছে এরই মধ্যে মুকুল দেখা দিয়েছে। পুরোপুরি ফুটতে আরও কয়েক সপ্তাহ লাগবে। মুকুল আসার পর থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন বাগান মালিকরা। ভোর থেকে শুরু করে বিকাল পর্যন্ত গাছে গাছে চলছে পরিচর্যা। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউবা সেচ দিচ্ছেন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা বেশি গুরুত্ব দিচ্ছে রোগবালাই প্রতিরোধে। তারা বলেন, মুকুলের সময়টি সবচেয়ে স্পর্শকাতর। এ সময় ছত্রাক বা পোকার আক্রমণ হলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। উপজেলার কেশবপুরের আমচাষি আতিয়ার রহমান বলেন, স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে। তিনি বলেন, ‘মুকুল দেখে মন ভরে যায়। গাছ ভর্তি মুকুল মানেই স্বপ্ন। এখন শুধু চাই আবহাওয়া ভালো থাকুক।

কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম জানান, আমরা এ বিষয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছি। নতুন বাগান করতে চাইলে সরকারিভাবে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। উপজেলায় ১২২০ হেক্টর জমিতে স্থায়ী ফলজ বাগান রয়েছে। এর মধ্যে আম লিচু ও কাঁঠাল অন্যতম। তিনি আরও বলেন, প্রতি বছর আম ও লিচু বাগান বাড়ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত