
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারানোর পর যাত্রীবাহী বাসের চাপায় এক দম্পতি ও চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনায় নিহত দম্পত্তির মেয়ে গুরুতর আহত হয়েছেন বলে বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানিয়েছেন। নিহতরা হলেন- বেলকুচির আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল আজুগড়া গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে অটোভ্যান চালক নুরু মিয়া (৩৫)। নিহত দম্পত্তির মেয়ে আহত তামান্না খাতুনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি ইমাম জাফর বলেন, ‘অটোভ্যানটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।’
‘এতে ঘটনাস্থলেই অটোভ্যান যাত্রী মোতালেব, তার স্ত্রী ফজিলা ও চালক নুরুর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়।’
আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাস ও অটোভ্যানটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ : ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ও ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৩ জনই কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশু সন্তান আশরাফুল (৫)।
এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপচালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।