
খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) গতকাল মঙ্গলবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি মাঝেমধ্যেই এখানে চলে আসব। কেউ জানতে পারবেন না। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
পরিদর্শনকালে গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিন পর্যালোচনা করেন তিনি। তেজগাঁও সিএসডিতে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এসব গুদামে সংরক্ষিত চাল ও আটার মান পরীক্ষা করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত গুদামরক্ষকদের সঙ্গে কথা বলেন। রেজিস্টার পর্যালোচনা করে খাদ্যশস্য কতদিন ধরে সংরক্ষিত রয়েছে, তা-ও দেখেন। প্রতিদিন কী পরিমাণ চাল ও আটা বিতরণ করা হয় এবং মজুত ও বিতরণসংক্রান্ত তথ্য সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত জানতে চান।
আফরোজা খানম বলেন, দেশটা সবার। আমরা সবাই একটি পরিবারের মতো। আমরা যেমন আমাদের নিজের ঘরের জিনিস চুরি হতে দিতে পারি না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না।
কর্মকর্তারা জানান, তেজগাঁও সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। এর মধ্যে চারটিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী রাখা হয়েছে। চালু ৩৫টি গুদামে বর্তমানে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। কয়েকটি গুদাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি মন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত সংস্কার করে সেগুলো ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন। প্রয়োজন হলে এ বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান।
জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা কর্মকর্তারা তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা প্রয়োজন এমন বিষয় নিয়ে ওই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি। এ সময় খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।