
সরকারের বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের কারণে 'মূল্যস্ফীতি কমেছে' বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার কথায়, "একজন দেশপ্রেমিক ব্যক্তি ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থটাই তিনি বড় করে দেখবেন। আপনারা দেখেছেন, গত অগাস্ট মাসে যে মূল্যস্ফীতি, সেটি কমেছে।" নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে রিজভী বরেন, "খাদ্যপণ্যের জিনিস সেগুলো যাতে জনগণ কিনতে পারে সেই দিকে দৃষ্টি রেখে তিনি (সরকার প্রধান) মার্কেট ইন্টারভেনশন বাজার হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছেন। এখন বর্ষা শেষে শরৎ কাল পড়েছে, এই সময়ে জিনিসপত্রের দাম, খাদ্যপণ্যের দাম, শাক, সবজি, চাল, ডাল, লবণের দাম বাড়ে। "কিন্তু এই সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে জিনিসপত্রের দাম বিশেষ করে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি। যার কারণে অগাস্টে আপনার মূল্যস্ফীতি অনেক কম হয়েছে।"
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কথা বলছিলেন রিজভী। ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর জিয়াউর রহমান নারী ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেন।
গ্যাস সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, "দেশে গ্যাসের সংকট আছে, জ্বালানির সংকট আছে। এই সংকট তো আন্তর্জাতিক সংকট, এই সংকট বৈশ্বিক। এই সংকট একক কোনো রাষ্ট্রের পক্ষে নিরসন করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত না আমেরিকা এবং ইরান যুদ্ধ থামে। কারণ হরমুজ প্রণালি পারস্য উপসাগরে যে পথটি সেইটা হল তেল আসার সবচাইতে বড় পথ। আজকে সেখানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
দেশের জ্বালানি সংকট মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা করছেন বলেও জানিয়েছেন রিজভী। তিনি বলেন, "পূর্বের দেশ অর্থাৎ মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনতে তিনি (তারেক রহমান) ব্যবস্থা করছেন। আপনারা জানেন ইতিমধ্যে গ্যাসবাহী যে কার্গোগুলো তারা আসছে এবং আমাদের যে টেকনিক্যাল ত্রুটি হয়েছিল মহেশখালীতে গভীর সমুদ্রে যে ভাসমান টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে ত্রুটি হওয়ার কারণেও আমাদের গ্যাসের যে স্বাভাবিক প্রবাহ সেটা বন্ধ ছিল। কিন্তু সেইটা ঠিক হয়ে এসছে এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা স্বাভাবিক হয়ে আসছে।"
সরকারের প্রশংসা করে তিনি বলেন, 'বিএনপি সরকার বা বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার জনগণের স্বার্থ দুঃখ-কষ্ট-বেদনাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করে বলেই আজকে এই গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন। এ জন্য আরো ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে গ্যাস আমদানি করার জন্য। "গ্যাস ও জ্বালানি এই সংকটের পরেও নানা দিকে নানা পরিসরে মানুষের যে আর্থিক উন্নয়ন করা দরকার, মানুষের আয় যাবে বাড়ে তার দিকে সরকার ব্যবস্থা নিয়েছে।' সামাজিক বেষ্টনীর পরিধি বাড়িয়ে সাধারণ মানুষের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপও তুলে ধরেন রিজভী।