
দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। গতকাল শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তৌফিক ইমরোজ খালিদী কয়েক দিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। গত বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
তৌফিক ইমরোজ খালিদী দেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। দীর্ঘ দুই দশক তিনি দেশের অনলাইন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার আগে তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদকীয় ব্যবস্থাপনায় কাজ করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা পেশায় তিনি সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল— তিন মাধ্যমেই কাজ করেছেন। কর্মজীবনের শুরুর দিকে আন্তর্জাতিক বিষয়, ব্যবসা, রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন ও অনুষ্ঠান নির্মাণে যুক্ত ছিলেন। তিনি ঢাকা ও লন্ডনের পাশাপাশি প্যারিস ও টোকিওর বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৬ সালে তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরু হয়। এটি দেশের অনলাইন সংবাদমাধ্যমের বিকাশের শুরুর সময়ের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে পরিচিতি পায়। তিনি দীর্ঘদিন প্রতিষ্ঠানটির প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে এর সম্পাদকীয় ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন। ২০১৭ সালের ডিসেম্বরে 'ডিজিটাল বাংলাদেশ' উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তৌফিক ইমরোজ খালিদী জাতীয় আইসিটি পুরস্কারে 'বিশেষ স্বীকৃতি ও সম্মাননা' অর্জন করেন।