ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গু ও হামের উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

* ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু * হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু
ডেঙ্গু ও হামের উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু এবং হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৭ হাজার ২৯৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৯৬৫ জন।

গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর চিত্রও উদ্বেগজনক। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মৃত্যু হয় ৪১৩ জনের।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ সময়ে মৃত্যু হয় ৫৭৫ জনের। অন্যদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর এ রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৭০। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও সিলেট বিভাগে একজন মারা গেছে। একই সময়ে ১৩৯ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭১২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত