
ভবিষ্যতে উড়ন্ত গাড়ি থাকবে— এ কথা সত্যি হলো। এমন মন্তব্য করে টেসলার বহুল প্রতীক্ষিত রোডস্টারের উড্ডয়নক্ষমতার প্রদর্শনী সামনে এনেছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্পেসএক্সের রকেট উন্নয়ন কেন্দ্রে গাড়িটির বিশেষ সংস্করণকে মাটি থেকে ওপরে উঠতে, শূন্যে ভাসতে এবং আকাশে নানা কসরত করতে দেখা গেছে।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাড়িটির একটি ভিডিও শেয়ার করেন মাস্ক। এতে সাদা রঙের বৈদ্যুতিক স্পোর্টস কারটিকে মাটি থেকে উঠে শূন্যে ভাসতে, উল্টে যেতে এবং নানা কৌশলে চলাচল করতে দেখা যায়। প্রদর্শনীতে স্পটলাইটের নিচে দ্রুতগতির কসরতের পাশাপাশি ঘন ধোঁয়ার ব্যবহারও ছিল। টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের রকেট উন্নয়ন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উচ্ছ্বসিত দর্শকদের সামনে গাড়িটির সক্ষমতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মাস্ক বলেন, আমার বন্ধু পিটার থিয়েল একবার বলেছিলেন, ভবিষ্যতে আমাদের উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেয়েছি ১৪০ অক্ষর। ২০২২ সালে টুইটার কেনার আগে সেখানে পোস্টের সর্বোচ্চ অক্ষরসীমার প্রসঙ্গ টেনে রসিকতা করেন তিনি। পরে বলেন, এখন আর তা নয়।
টেসলা জানিয়েছে, রোডস্টারটির বিশেষ প্রদর্শনীতে ঠান্ডা গ্যাসের থ্রাস্টার এবং ফ্যানভিত্তিক সাকশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি থ্রাস্টারগুলো গাড়িটিকে মাটি থেকে ওপরে তুলতে এবং এর গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য তৈরি।
টেক্সাসের অনুষ্ঠানে গাড়িটিকে একটি ঢাল বেয়ে উঠে কিছুক্ষণের জন্য উল্টো অবস্থায় থাকতে এবং পরে আবার মাটিতে ফিরে আসতে দেখা যায়। স্থির অবস্থান থেকেও গাড়িটি মাটি থেকে উঠে সারিবদ্ধভাবে রাখা কয়েকটি টেসলা গাড়ি পার হতে সক্ষম হয়।
মাস্কের ভাষ্য অনুযায়ী, রোডস্টার প্রকল্পটি টেসলা ও স্পেসএক্সের যৌথ উদ্যোগ। কোম্পানির দাবি, গাড়িটি ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল বা প্রায় ৯৭ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র ০.৮১ সেকেন্ড। অনুষ্ঠানে মাস্ক বলেন, আমি নিশ্চিত নই, এটি সব জায়গায় আইনসম্মত কি না। তবে এমন একটি গাড়ি থাকবে, যার মালিক হওয়া সম্ভব।