ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গুতে ৫ ও হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে ৫ ও  হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৯ দিনে মারা গেছে ১১২ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৬৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪১৫ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ৩১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ১০৫ জন, খুলনায় ১৪১ জন, বরিশালে ১৯১ জন, রাজশাহীতে ১২৮ জন, ময়মনসিংহে ৮০ জন এবং রংপুরে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন।

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৭ শিশু। এ ছাড়া ৪২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন। নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৯৬৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৬১ শিশু। তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।

এ সময়ে ঢাকা বিভাগে হামের উপসর্গের রোগী সবচেয়ে বেশি পাওয়া গেছে। এ বিভাগে নতুন করে ৪৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ৩৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত