
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এ পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে। এ সময়ে ভাষা ও প্রশাসন শিক্ষা থেকে আইন, সাংবাদিকতা ও আধুনিক জীববিজ্ঞান— উচ্চশিক্ষার পরিসর বিস্তৃত হয়েছে নানা দিকে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ আকাঙ্ক্ষার এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন শিক্ষাক্ষেত্র। দেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিদেশি ভাষা ও লোক প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিভাগ চালু হয়। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একমাত্র বিশেষায়িত যাতায়াত ব্যবস্থা 'শাটল ট্রেনের' লাইনও নির্মিত হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠনে নানা চ্যালেঞ্জের পরও শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ ১৮ নভেম্বর প্রতিষ্ঠার ৬০ বছর পূতি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্?যাপন করতে যাচ্ছে 'হীরকজয়ন্তী' উৎসব। ছয় দশকে বিশ্ববিদ্যালয়টি পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে।
এ দীর্ঘ পথচলার মাহেন্দ্রক্ষণে তাই ফিরে দেখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের এমন এক অধ্যায়; যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিন মেয়াদে যুক্ত হয়েছিল নতুন বিভাগ, গবেষণার ক্ষেত্র ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথির তথ্য মতে, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় 'আরবি' ও 'ফারসি' ভাষা বিভাগ। এর মাধ্যমে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার একটি নতুন ক্ষেত্র তৈরি হয়। এরপর ১৯৮০ সালে চালু হয় 'লোকপ্রশাসন বিভাগ'। রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও জনসেবা ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে বিভাগটি।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে লোকপ্রশাসন বিভাগের যাত্রা ছিল সময়োপযোগী সংযোজন। নব্বইয়ের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তারে নতুন মাত্রা যোগ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের সময়ে।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় আইন বিভাগ। এর মধ্য দিয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। আইন, বিচারব্যবস্থা, সংবিধান ও নাগরিক অধিকার নিয়ে উচ্চতর জ্ঞানচর্চার জন্য বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।
১৯৯৩ সালে চালু হয় 'ইনস্টিটিউট অব ফরেস্ট্রি কমপ্লেক্স' (বর্তমানে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স)। দেশের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল তখনই।
১৯৯৪ সালে চালু হয় 'যোগাযোগ ও সাংবাদিকতা' বিভাগ। গণমাধ্যমের বিস্তার এবং সংবাদপেশায় দক্ষ জনবলের প্রয়োজনীয়তা বাড়ার সময়ে এ বিভাগ প্রতিষ্ঠা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন। সাংবাদিকতা, গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়।
আইন ও সাংবাদিকতা— দুটি ভিন্ন পেশাভিত্তিক শিক্ষাক্ষেত্র যুক্ত হওয়ার মধ্য দিয়ে এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর আরও বহুমুখী হয়ে ওঠে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষায় যুক্ত হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো নতুন ক্ষেত্র। ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় 'জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি' বিভাগ। ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। জীববিজ্ঞানের আধুনিক শাখা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি কৃষি, চিকিৎসা, খাদ্য উৎপাদন, পরিবেশ ও শিল্পসহ নানা ক্ষেত্রে গবেষণার সম্ভাবনা তৈরি করেছে।
একই মেয়াদে শিক্ষা বিষয়ে উচ্চতর পাঠদান ও গবেষণার জন্য ইনস্টিটিউট অব এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার প্রাতিষ্ঠানিক উদ্যোগও এগিয়ে যায়। ২০০৫ সালের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ইনস্টিটিউটটির সংবিধি অনুমোদিত হয়।
শিক্ষক, শিক্ষা, শিক্ষা গবেষণা ও বিএডি, শিক্ষাবিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরসহ উচ্চতর ডিগ্রি কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির পরিকল্পনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বিশেষায়িত ও গবেষণামুখী করার ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ।
সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর ক্ষেত্রেও বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে উল্লেখযোগ্য সংযোজন ঘটে। নির্মিত হয় ৫০৯ কক্ষের 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল'।
সেই সময় বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতেন। অথচ চালু আটটি হলে আবাসনের সুযোগ ছিল মাত্র ৩ হাজার ৭৪৪ জনের। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে শহরে কিংবা বিভিন্ন কটেজ ও মেসে থেকে প্রতিদিন ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস করতে হতো। বিশেষ করে ছাত্রীদের আবাসনসংকট ছিল আরও প্রকট। এমন পরিস্থিতিতে নতুন ছাত্রী হল নির্মাণ বিশ্ববিদ্যালয়ের আবাসিক অবকাঠামোয় বড় সংযোজন হিসেবে বিবেচিত হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ও অবকাঠামোগত পূর্ণতা পেয়েছিল। তিনি বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত বেশ কষ্টসাধ্য ছিল। শিক্ষার্থীরা নাজিরহাটের ট্রেনে উঠত এবং তাদের ফতেয়াবাদে নামিয়ে দেওয়া হতো। ১৯৮০ সালের দিকে জিয়াউর রহমানের সরকার বিশ্ববিদ্যালয় পর্যন্ত ট্রেন লাইন নির্মাণ এবং বিশেষায়িত যাতায়াত ব্যবস্থা 'শাটল ট্রেন' চালু করে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগান্তকারী সংযোজন। ড. আল-আমীন আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স চালু ছিল আরেকটি মাইলফলক।