
ব্যবহারকারীদের জন্য নতুন একটি ক্যামেরা সুবিধা পরীক্ষা করছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ সুবিধার মাধ্যমে মুঠোফোনের সামনের ও পেছনের ক্যামেরা একসঙ্গে সচল রেখে ছবি তোলা এবং ভিডিও ধারণ করা যাবে। ফলে সামনের দৃশ্য ধারণের পাশাপাশি ভিডিওতে নিজের প্রতিক্রিয়াও সহজে তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণে এই সুবিধা দেখা গেছে। আগামী দিনে আধেয় বা কনটেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য এটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।
হোয়াটসঅ্যাপের তথ্যদাতা ডব্লিউএবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড অ্যাপে দ্বৈত ক্যামেরা সুবিধাটি পরীক্ষা করা হচ্ছে। গুগল প্লে স্টোরে থাকা ২.২৬.৪৬.৯ পরীক্ষামূলক সংস্করণে এ সুবিধা নজরে এসেছে। এর সাহায্যে মুঠোফোনের সামনের এবং পেছনের উভয় ক্যামেরাই একযোগে চালু থাকবে।
নতুন এ সুবিধা ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা অংশে যেতে হবে। সেখানে ওপরের ডানদিকে একটি নতুন ক্যামেরা চিহ্ন দেখা যেতে পারে। সেটিতে চাপ দিলেই দ্বৈত ক্যামেরা মোড চালু হয়ে যাবে। এরপর পেছনের ক্যামেরায় যে দৃশ্যধারণ হবে, তা মূল পর্দায় দেখা যাবে। অন্যদিকে, সামনের ক্যামেরায় ধারণ হওয়া নিজস্ব ছবি বা ভিডিওর দৃশ্য পর্দার ওপরের কোণে একটি ছোট জানালায় দেখা যাবে।
ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এ ছোট জানালার অবস্থানও বদলে নিতে পারবেন। এ ছাড়া পর্দায় থাকা ক্যামেরা বদলানোর বোতামের সাহায্যে দুই ক্যামেরার দৃশ্য পরস্পরের সঙ্গে অদলবদল করা যাবে। অর্থাৎ ক্যামেরা বদলালে সামনের ক্যামেরার দৃশ্য মূল পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট জানালায় দেখা যাবে।
একই পর্দায় দুই ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা এবং ভিডিও ধারণ— উভয় কাজই করতে পারবেন ব্যবহারকারীরা। ধারণ শেষ হওয়ার পর ছবি বা ভিডিওতে শিরোনাম বা ক্যাপশন যুক্ত করা যাবে। চাইলে সম্পাদনা করেও পাঠানো যাবে, আবার কোনো বদল ছাড়াই সরাসরি ভাগ করে নেওয়ার সুযোগও থাকবে।
বিশেষ করে ভ্লগ তৈরি, প্রতিক্রিয়া ভিডিও, ভ্রমণ ভিডিও এবং কোনো সরাসরি অনুষ্ঠান ধারণ করার ক্ষেত্রে এই সুবিধা বেশ কার্যকর হতে পারে। কোনো স্থানের দৃশ্য দেখানোর পাশাপাশি সেই মুহূর্তে নিজের অনুভূতি বা প্রতিক্রিয়াও একই ভিডিওতে তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।