
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে সরকারের প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে আবেদন করেছেন দেশের প্রায় ৫৭ হাজার তরুণ-তরুণী। তাদের মধ্য থেকে ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য গতকাল শনিবার দেশের ৬৪ জেলায় একযোগে লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৬ জন প্রার্থী থাকলেও ঢাকায় এ সংখ্যা ৩৪০ জন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন 'তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটির প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্রকল্পের তৃতীয় ব্যাচে দেশের ৬৪ জেলা থেকে প্রতি জেলায় ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচিত হবেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকায়। এখানে মাত্র ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৮ হাজার ৫০০ জন।
পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, আসনবিন্যাস ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। একই দিন চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার স্থান ও সময় সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থীকে নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দুই বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জন বেসিক এবং ১ হাজার ৬০০ জন অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ পাবেন। দুই মাস মেয়াদি প্রতিটি প্রশিক্ষণ কোর্সে ৫০টি ক্লাসের মাধ্যমে মোট ৩০০ ঘণ্টার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।