
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রোবটিক্স সোসাইটির আয়োজনে, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহযোগিতায় ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২ দিনব্যাপী রোবো কার্নিভাল শুরু হয়েছে। রোবো কার্নিভাল শিক্ষার্থীদের গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যকার ব্যবধান কমানোর লক্ষ্যে আয়োজিত। রোবটিক্স, অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কীভাবে টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত আয়োজনের সভাপতি বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এবিএম হারুন অর রশিদ ও মেকানিকাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহুরুল হক। ২ দিনব্যাপী কার্নিভালে থাকছে একাধিক প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা ও প্রদর্শনী। এর মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে পাওয়ার আপ আইডিয়া চ্যালেঞ্জ, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যুৎ উৎপাদন, শক্তি ব্যবস্থাপনা ও স্মার্ট গ্রিড সংক্রান্ত উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি