
প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বুয়েট ক্যারিয়ার ক্লাবের যৌথ সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইম একাডেমিয়া’-এর আওতায় বুয়েট ক্যাম্পাসে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম. নাজিম এ. চৌধুরী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যাংকিং খাতকে দ্রুত রূপান্তরের পথে এগিয়ে নিচ্ছে। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্দেশ্যনির্ভর ক্যারিয়ার গঠনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন তার বক্তব্যে টেকসই আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে নারী নেতৃত্ব, নৈতিক ব্যাংকিং ও মূল্যবোধভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে এসে নেতৃত্বের ভূমিকা গ্রহণে উৎসাহিত করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি