
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের এক নির্বাচনি কর্মকর্তার বিরুদ্ধে বিধিভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে ওই কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন। গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব বরাবর দেওয়া এক লিখিত পত্রে তিনি এই দাবি জানান।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ঢাকা-১৬ আসনের নির্বাচনি মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান। অভিযোগ উঠেছে, তিনি গতকাল বুধবার ওই আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসভবনে এক গোপন বৈঠকে মিলিত হন। অভিযোগকারী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন জানান, ওই বৈঠকের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সম্বলিত একটি পেনড্রাইভ প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনি দায়িত্বে থাকা অবস্থায় একজন নির্দিষ্ট প্রার্থীর বাসায় গিয়ে গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সঙ্গে এমন সখ্যতা বজায় রাখলে ওই আসনে কখনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।