ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনে প্রার্থী হওয়ায় খতিব চাকরিচ্যুত

নির্বাচনে প্রার্থী হওয়ায় খতিব চাকরিচ্যুত

কুমিল্লা-১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়া মুফতি মো. শামছুদ্দোহাকে খতিবের পদ থেকে অব্যাহতি দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি। গত শুক্রবার নিজের ফেসবুক আইডিতে চাকরিচ্যুতির চিঠি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ঘটনাটি ঘিরে ধর্মীয় অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির জারি করা অব্যাহতি পত্রে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি মসজিদের পরিচালনা নীতিমালা এবং সরকারি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

জানা যায়, মুফতি শামছুদ্দোহা প্রায় এক যুগ ধরে ঢাকার ধানমন্ডির সাইন্সল্যাব কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন। নিজের পোস্টে শামছুদ্দোহা লেখেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া তার ব্যক্তিগত, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য নিয়মতান্ত্রিকভাবে ছুটি নিয়েই প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনকে অজুহাত হিসেবে দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণেও আগে তাকে ও আরিফ বিন হাবিব নামে আরেক আলেমকে অব্যাহতি দেওয়া হয়েছিল। গতকাল শনিবার দেওয়া আরেক পোস্টে শামছুদ্দোহা দাবি করেন, অব্যাহতির চিঠি হোয়াটসঅ্যাপে পাঠানোর পর তিনি জুমা পড়াতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মসজিদে প্রবেশে নিষেধ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত