
রাজধানীর শাহবাগের ঢাকা নার্সিং কলেজ গেটের সামনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শাহবাগ ও শহিদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন বলে জানিয়েছেন স্বজনরা। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান। মুক্তা আক্তার যশোর সদরের নোয়াপাড়া এলাকার ইজার আলীর মেয়ে। তিনি পরিবারের সঙ্গে পুরান ঢাকার কামরাঙ্গীরচরে রনি মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্বজন বিল্লাল হোসেন জানান, সকালের দিকে ঢাকা নার্সিং কলেজের গেটের সামনে রিকশা থেকে নামার সময় পেছন থেকে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন মুক্তা। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।