
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর গুলিস্তান এলাকায় নতুন টাকার নোট কেনাবেচা বেড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিন দেখা গেছে, ফুটপাতজুড়ে বসেছে নতুন নোটের অস্থায়ী বাজার, আর সেখানে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গুলিস্তানের প্রধান সড়কের পাশেই সারি করে বসেছেন বিক্রেতারা। কারও সামনে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সাজানো, আবার কেউ প্যাকেট আকারে বিক্রি করছেন। ক্রেতারা নোট হাতে নিয়ে উল্টেপাল্টে দেখছেন, দরদাম করছেন, তারপর কিনে নিচ্ছেন পছন্দমতো বান্ডিল। ঈদের সময় নতুন নোট দিয়ে সালামি দেওয়ার প্রচলন এখনও দেশের ঘরে ঘরে রয়েছে। বিশেষ করে শিশুদের কাছে নতুন নোটের আকর্ষণ আলাদা। তাই ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নতুন টাকার চাহিদা। বিক্রেতারা জানান, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোটের চাহিদা সবচেয়ে বেশি। তবে এসব নোট কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। অনেক ক্ষেত্রে ১০০ টাকার নতুন নোট কিনতে দিতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত। কয়েকজন ক্রেতা জানান, ব্যাংক থেকে সহজে নতুন নোট পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে বাড়তি দামে গুলিস্তান থেকেই কিনতে হচ্ছে। তবে শখের জন্য হলেও ঈদের দিনে নতুন নোট দেওয়ার আনন্দ তারা ছাড়তে চান না।