ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ময়মনসিংহ নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে মাঠে প্রশাসক

ময়মনসিংহ নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে মাঠে প্রশাসক

বর্ষা মৌসুমের আগেই ময়মনসিংহ নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নিতে শুরু করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন। নগরীর আকুয়া এলাকায় প্রায় সোয়া আট কিলোমিটার খাল পুনঃখননের একটি বিস্তৃত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে এরইমধ্যে মাঠপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে।

গতকাল রোববার সকাল থেকে দিনব্যাপী প্রশাসক রোকন নিজেই নগরীর গুরুত্বপূর্ণ আকুয়া খাল, মাকরজানি খাল, বাইপাস খাল ও চরপাড়া খাল সরেজমিনে পরিদর্শন করেন। খালগুলোর বর্তমান অবস্থা, পানি প্রবাহে প্রতিবন্ধকতা এবং জলাবদ্ধতার মূল কারণগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে প্রশাসক বলেন, ‘প্রতি বর্ষায় এই শহর কার্যত জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে। খালগুলোতে পানি প্রবাহের পথ নষ্ট হয়ে গেছে। কোথায় কোথায় পানি আটকে যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করছি। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত খাল পুনঃখননের কাজ শুরু করা হবে।’ তিনি আরও বলেন, অতীতে নগরীর এই মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগের অভাব ছিল। এখন লক্ষ্য হচ্ছে- নাগরিকদের জন্য একটি বাসযোগ্য, জলাবদ্ধতামুক্ত শহর গড়ে তোলা। এজন্য সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত