
বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী। গতকাল রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাটের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিন পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধভাবে মজুতকৃত প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়। অবৈধভাবে মজুতকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি