ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জুয়ার আসর বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে রিট

জুয়ার আসর বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে রিট

রাজধানীসহ সারা দেশে অবৈধ জুয়ার আসর, অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ এবং লাইসেন্সবিহীন মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। গতকাল সোমবার ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিট পিটিশনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিটে অবিলম্বে জুয়া, সিসা লাউঞ্জ ও মদের বার বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায়- বিশেষ করে গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরা- ক্যাফে বা লাউঞ্জের আড়ালে অবৈধ সিসা বার, মাদক ব্যবসা, জুয়া এবং অনুমোদনহীন মদের আসর বেড়ে গেছে, যা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, দেশে সিসা বা হুক্কা বার পরিচালনার কোনো বৈধ অনুমতি নেই এবং আইন থাকা সত্ত্বেও কার্যকর তদারকির অভাবে এসব অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণহীনভাবে বিস্তার লাভ করছে। রিটে আরও বলা হয়, অনেক সিসা লাউঞ্জে তামাকের সঙ্গে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক মিশিয়ে সেবন করা হচ্ছে এবং একইসঙ্গে গোপন কেবিনে মদ্যপান ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত