ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, তামাকমুক্ত তরুণ সমাজ গড়তে তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ আইন আকারে পাস করা জরুরি। তামাক নিয়ন্ত্রণে তরুণদের এই দাবি সংসদে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে করে তামাকপণ্য শিশু-কিশোরদের নাগালের বাইরে চলে যায়। পাশাপাশি, স্কুল-কলেজের ১০০ গজের ভিতরে যাতে কেউ তামাকপণ্য বিক্রি না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক ড. শাফিউন নাহিন শিমুল। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

ড. শাফিউন নাহিন শিমুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রস্তাবনা অনুযায়ী তামাকপণ্যের দাম বাড়ালে ৮৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাওয়া সম্ভব। যা চলতি অর্থ বছরের চেয়ে ৪৪ হাজার কোটি টাকা বেশি। ইকবাল মাসুদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ বিষয়টিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশে তামাকের ব্যবহার কমানো না গেলে কোনোভাবেই দেশের জনস্বাস্থ্য সুরক্ষা সম্ভব না। সরকারের নির্বাইন ইশতেহার অনুযায়ী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও এফসিটিসি বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অবিকৃতভাবে সংসদে পাশ করা জরুরি।

এ সময় বক্তারা তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ প্রতিরোধ এবং তরুণ প্রজন্মকে ই-সিগারেটের গ্রাস থেকে রক্ষা করতে ই-সিগারেট নিষিদ্ধের ধারা যুক্ত করে সংসদের চলতি অধিবেশনেই বিল আকারে পেশ ও দ্রুত আইন হিসেবে পাসের দাবি জানান। ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরামের সমন্বয়কারী মারজানা মুনতাহা ও সদস্য তাসনিম হাসান আবির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত